হবিগঞ্জে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ফুচকাসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে।
বুধবার (১ অক্টোবর) ভোররাতে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে এ ট্রাকটি জব্দ করে ৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের সদস্যরা।
সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ মসলা পণ্য ট্রাকে করে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ভোররাতে ঢাকা-সিলেট মহাসড়কে নজরদারি বসানো হয়। সন্দেহভাজন একটি পাথরবোঝাই ট্রাককে থামানো হলে চালক প্রথমে টালবাহানা শুরু করে। পরে ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, পাথরের নিচে বিশেষ কায়দায় লুকানো রয়েছে ভারতীয় জিরা ও ফুচকার বড় চালান।
বিজিবির কর্মকর্তারা জানান, আটককৃত পণ্যের বাজারমূল্য কয়েক কোটি টাকা হতে পারে। তবে সঠিক হিসাব শুল্ক গোয়েন্দা ও কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে গণনা শেষে নির্ধারণ করা হবে। ট্রাকের চালককে আটক করা সম্ভব হলেও সহযোগীরা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
এ বিষয়ে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, আমাদের গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। সীমান্তপথ ব্যবহার করে ভারতীয় পণ্য পাচারের যে চেষ্টা চলছে তা আমরা কোনোভাবেই সফল হতে দেব না। নিয়মিত নজরদারি বাড়ানো হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.