প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৫ ২২:৫১ (মঙ্গলবার)
হুমকি দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা: অভিযোগ আমিনুলের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্যসমাপ্ত নির্বাচন নিয়ে অনিয়ম ও সরকারি হস্তক্ষেপের গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর পল্টনের হ্যান্ডবল স্টেডিয়ামে ‘জিয়া আন্তঃভলিবল টুর্নামেন্ট’ উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।

আমিনুল হক দাবি করেন, বিসিবির এই নির্বাচন প্রক্রিয়ায় সরাসরি হস্তক্ষেপ করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘ক্রীড়া উপদেষ্টা বিভিন্ন কাউন্সিলরকে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়েছেন, চাপ সৃষ্টি করেছেন ভোট দেওয়ার জন্য। এ বিষয়ে অনেক কাউন্সিলর আমাকে ফোন করে জানিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘উনি (ক্রীড়া উপদেষ্টা) প্রকাশ্যে বলেছেন, যে কোনো মূল্যে বুলবুল ভাইকে সভাপতি বানাতে হবে। বিসিবি তো কারও ব্যক্তিগত প্রতিষ্ঠান নয়, এটি গোটা দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।’

সোমবার অনুষ্ঠিত বিসিবির নির্বাচনে সভাপতি নির্বাচিত হন সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল। তবে নির্বাচন ঘিরে বিতর্ক থামছে না। ‘নির্বাচন ফিক্সিং’ ও হস্তক্ষেপের অভিযোগ তুলে তামিম ইকবালসহ ২১ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

আমিনুল হক বলেন, ‘পুরো নির্বাচন প্রক্রিয়াই বিতর্কিত। শুরু থেকেই জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের মাধ্যমে কাউন্সিলর বাছাই হয়েছে, যা নিয়মবহির্ভূত। এমনকি অর্থ লেনদেনের অভিযোগও এসেছে, যা অত্যন্ত দুঃখজনক।’

তিনি জানান, বর্তমানে হাইকোর্টে একটি মামলা বিচারাধীন রয়েছে, যার রায়ের ওপর নির্বাচনের বৈধতা নির্ভর করছে। “যদি আদালত সেই চিঠিকে অবৈধ ঘোষণা করেন, তাহলে পুরো নির্বাচনই বাতিল হয়ে যেতে পারে,” বলেন আমিনুল।