সিলেটের মোগলাবাজারে ট্রেন দুর্ঘটনার উদ্ধারকাজ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশ রেলওয়ের এক প্রকৌশলী। নিহত ব্যক্তির নাম মোজাম্মেল হক (৪৫)। তিনি মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে সেকশনের উপসহকারী প্রকৌশলী (পথ) হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার (৮ অক্টোবর) সকালে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি কুলাউড়া রেলওয়ে স্টেশনমাস্টার মো. রোমান আহমদ নিশ্চিত করেছেন।
স্টেশনমাস্টার রোমান আহমদ বলেন, “মঙ্গলবার সকালে সিলেটের মোগলাবাজার এলাকায় উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পরপরই কুলাউড়া থেকে প্রকৌশলী মোজাম্মেল হক উদ্ধারকাজে ঘটনাস্থলে যান। পুরো দিন তিনি সেখানে কাজ করেন।”
তিনি আরও বলেন, “উদ্ধারকাজ শেষ করে রাতে মোটরসাইকেলযোগে ফেরার পথে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের এলাকায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।”
এদিকে ঘটনাটি সম্পর্কে কুলাউড়া থানা ও রেলওয়ে থানা এখনো আনুষ্ঠানিকভাবে অবগত নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আইটি ল্যাব সলিউশন্স লি.