সিলেটের প্রতি বৈষম্যের প্রতিবাদে ও ৭ দফা দাবিতে রাজপথে নেমেছেন সিলেটের সর্বস্তরের ছাত্র-জনতা ও সাধারণ নাগরিকরা। শুক্রবার বিকেলে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন চৌহাট্টা এলাকায় তারা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভে অংশ নেন সিলেটের বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ সমাজ, পেশাজীবী ও সাধারণ জনগণ। “সিলেটের সাথে বৈষম্য কেন?”, “অধিকার চাই, ভিক্ষা নয়”— এমন শ্লোগানে মুখর হয়ে ওঠে চৌহাট্টা এলাকা।
বক্তারা বলেন, সিলেট দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও উন্নয়ন ও প্রশাসনিক সুযোগ-সুবিধায় বারবার বঞ্চিত হচ্ছে। তাই ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবেন তারা।
বিক্ষোভ চলাকালীন মাগরিবের আজান হলে শত শত বিক্ষোভকারী রাজপথেই সারিবদ্ধভাবে নামাজ আদায় করেন। শান্তিপূর্ণ এই নামাজের দৃশ্য আন্দোলনের মধ্যে এনে দেয় ভিন্ন এক বার্তা— ধর্মীয় মূল্যবোধ ও নাগরিক সচেতনতার সমন্বয়।
অবরোধের কারণে কিছু সময়ের জন্য চৌহাট্টা, জিন্দাবাজার ও উপশহরমুখী রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। তবে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল বলে জানা গেছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.