সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ২,১৫,৪২৫ টাকা মূল্যের ভারতীয় মালামালসহ তিনটি সিএনজি অটোরিকশা আটক ও চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) অর্জুন চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানটি পরিচালিত হয় থানার কালাগুল চা-বাগানের মুসলিম পাড়া এলাকায় জনৈক মুসা মিয়ার মুদি দোকানের সামনে, সাহেববাজার-শাহপরানগামী রাস্তায়।
অভিযানে তিনটি সিএনজি অটোরিকশা ও বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করা হয়। আটককৃতরা হলেন—
১. হারুন চাকলাদার (২৮), পিতা বাদশা চাকলাদার, গোপালগঞ্জ সদর;
২. মো. জাহাঙ্গীর হোসেন (৩৫), পিতা মৃত আ. রউফ, মেজরটিলা ইসলামপুর কলোনি, সিলেট;
৩. রজব আলী (২৬), পিতা মতিন মিয়া, একই এলাকার বাসিন্দা (ড্রাইভার);
৪. মো. জাহিদ মিয়া (৩৭), পিতা মৃত মশব আলী, মূলত হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা, বর্তমানে মেজরটিলায় বসবাস করেন।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে—
সিএনজি নং সিলেট খ-১২-০৮২৪: কম্বল ২৬টি
সিএনজি নং সিলেট থ-১১-২৩৩৯: ২ ফিঙ্গার কিটক্যাট (ছোট) ২,৪৫০ পিস, খালি কিটক্যাট ও মেন্টস প্যাকেট ভর্তি ১টি বস্তা
রেজিস্ট্রেশনবিহীন সিএনজি: ৩ ফিঙ্গার কিটক্যাট (বড়) ১,৩২০ পিস এবং মেন্টস রেইনবো ১,৪২৫ পিস
সব মিলিয়ে উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ২,১৫,৪২৫ টাকা। জব্দ তালিকা মূলে মালামালগুলো জব্দ করা হয়েছে।
ঘটনার পর এয়ারপোর্ট থানায় The Special Powers Act, 1974 এর ধারা ২৫বি(১)(বি)/২৫ডি অনুযায়ী মামলা (নং-১১, তারিখ-১৩/১০/২০২৫ খ্রি.) দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত চার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে এয়ারপোর্ট থানা পুলিশ।
আইটি ল্যাব সলিউশন্স লি.