প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৫ ১৯:০১ (বুধবার)
দিল্লিতে রাজ্যসভার এমপিদের আবাসিক ভবনে ভয়াবহ আ গু ন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে রাজ্যসভার এমপিদের জন্য বরাদ্দ আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার দুপুরে দিল্লির বিশম্ভর দাস মার্গ এলাকায় অবস্থিত রাজ্যসভার সদস্যদের জন্য নির্মিত ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টে আগুনের সূত্রপাত হয়। পরে স্থানীয় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনেন। 


দিল্লির দমকল বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় দমকল বিভাগ এবং প্রায় সঙ্গে সঙ্গেই ছয়টি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভবনের ফায়ার হাইড্রেন্ট কাজ করছিল না। এমনকি পানির ট্যাংক ও পাইপলাইনেও কোনো পানি ছিল না। 

ভবনের একজন বাসিন্দা বলেন, ‘আমরা আগুন দেখতে পেয়ে নেভানোর ব্যবস্থাগুলো পরীক্ষা করি। কিন্তু কোথাও পানি পাইনি। ফায়ার হাইড্রেন্ট কাজ করছিল না।’

ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা যায়, আগুনে ভবনের নিচের দুই তলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই ঘটনায় কোনও হতাহত হয়েছে কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।