প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৫ ১৮:৫৬ (মঙ্গলবার)
সিলেট নগরীর একাধিক এলাকায় বিদ্যুৎ বিভ্রাট, ভোগান্তিতে সাধারণ মানুষ

সিলেট মহানগরীর শাহী ঈদগাহ, দাড়িয়াপাড়া, নাইওরপুলসহ আশপাশের বেশ কিছু এলাকায় আজ সোমবার (২০ অক্টোবর) সকাল থেকে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা জানান, সকাল থেকেই বারবার বিদ্যুৎ চলে যাচ্ছে। কখনও ১৫ থেকে ২০ মিনিটের ব্যবধানে আবারও চলে যাচ্ছে বিদ্যুৎ, আবার কখনও ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় ঘরোয়া কাজকর্ম, ব্যবসা-বাণিজ্য ও অফিস কার্যক্রমে বিঘ্ন ঘটছে।

শাহী ঈদগাহ এলাকার বাসিন্দা মিজানুর রহমান বলেন, “সকাল থেকে বারবার লোডশেডিং হচ্ছে। ফ্রিজ, ফ্যান কিছুই ঠিকমতো চলছে না। গরমে ছোট বাচ্চারা কষ্ট পাচ্ছে।”

দিনের বেলায় বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় নগরবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন।