প্রকাশিত: ০১ জানুয়ারী, ২০২৬ ২১:৪৯ (বুধবার)
কর আইনজীবী আবিদ আলী ছিলেন একজন সৎ দক্ষ আইনজীবী

সোমবার (২৯ ডিসেম্বর) এক শোক বার্তায় সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি আয়কর আইনজীবী সিরাজুল হুসেন আহমদ আলমগীর ও সাধারণ সম্পাদক এডভোকেট ফজলুর রহমান শিপু সহ সমিতির নেতৃবৃন্দ বলেন, মো. আবিদ আলী চৌধুরী ছিলেন একজন সৎ, ন্যায়পরায়ণ ও অভিজ্ঞ কর আইনজীবী। দীর্ঘদিন ধরে তিনি কর আইন অঙ্গনে নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন। কর আইনজীবী সমাজের উন্নয়ন ও সমিতির অগ্রগতিতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

নেতৃবৃন্দ আরও বলেন, তাঁর মৃত্যুতে সিলেট জেলা কর আইনজীবী সমিতি একজন অভিভাবকতুল্য জ্যেষ্ঠ সহকর্মীকে হারালো, যা অপূরণীয় ক্ষতি। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, মরহুম মো. আবিদ আলী চৌধুরী রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের জানাজার নামাজ ঐদিন বাদ এশা হযরত শাহজালাল (রহ:) মাজার মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

এদিকে, মরহুম মো. আবিদ আলী চৌধুরীর স্মরণে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে এক শোক সভা ও দোয়া মাহফিল গেলো ৩১ ডিসেম্বর বুধবার দুপুর ১২টায় সমিতির মেন্দিবাগস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শোক সভা ও দোয়া মাহফিলে সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।