প্রকাশিত: ০৪ জানুয়ারী, ২০২৬ ১৫:২৯ (বুধবার)
একমাসে সিলেটের সড়কে ঝরল ৩৭ প্রাণ

রবিবার (৪ জানুয়ারি) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এসব তথ্য জানায়।

জানা যায়, গত ডিসেম্বর মাসে সিলেট বিভাগে ৩৩টি সড়ক দুর্ঘটনায় ৩৭ জন নিহত ও ৬১ জন আহত হয়েছেন উল্লেখ করা হয়। নিহতের মধ্যে ১৬ জন মোটরসাইকেলের চালক ও আরোহি রয়েছেন। ডিসেম্বর মাসে সিলেট জেলায় ৯টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন।

এছাড়া সুনামগঞ্জ জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৭টি সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত ও ২ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ১২টি সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।

 একই সাথে ডিসেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১৬ জন মোটরসাইকেল চালক ও আরোহী ও ২ জন সিএনজি ও লেগুনা চালক ও আরোহী, ১৬ জন চালক ও ১১ জন পথচারী রয়েছেন।

এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৭টি দুর্ঘটনায় ৫ জন, মুখোমুখি সংঘর্ষে ১০টি দুর্ঘটনায় ১১ জন নিহত, বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় ২টি দুর্ঘটনায় ২ জন ও গাড়ি চাপায় ১৮টি দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। এছাড়া ডিসেম্বর মাসে নিহত ৩৭ জনের মধ্যে ৩০ জন পুরুষ, ৪ জন নারী ও ৩ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।

 উল্লেখ্য, নভেম্বর মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৫জন নিহত ও ৬৬ জন আহত হয়েছেন।