প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:৩৬ (মঙ্গলবার)
বিদ্যুৎ খাতে ৪৫ হাজার কোটি টাকা বকেয়া, বড় চাপে নতুন সরকার

বিবিসি বাংলা-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সদ্যবিলুপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিদ্যুৎ খাতে দেশি-বিদেশি কোম্পানির কাছে প্রায় ৪৫ হাজার কোটি টাকা বকেয়া জমেছে। এই বিপুল দেনা নিয়ে যাত্রা শুরু করায় বিদ্যুৎ খাতে বড় চ্যালেঞ্জের মুখে পড়ছে নতুন সরকার।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বর্তমানে বিদ্যুতের চাহিদা প্রায় ১৩ হাজার মেগাওয়াট, যা গ্রীষ্ম মৌসুমে বেড়ে সর্বোচ্চ ১৮ হাজার মেগাওয়াটে পৌঁছাতে পারে। তবে বকেয়া পরিশোধ ও জ্বালানি আমদানির অর্থ সংস্থান বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
নবনিযুক্ত বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বিবিসি বাংলাকে বলেন, পরিস্থিতি সামাল দিতে গ্যাস, কয়লা ও তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু রাখতে হবে এবং একে তিনি কার্যত ‘ডিজাস্টার ম্যানেজমেন্ট’ হিসেবে আখ্যা দেন।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-এর তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে যুক্ত বেসরকারি কোম্পানিগুলোর কাছেই বকেয়া রয়েছে প্রায় ১৪ হাজার কোটি টাকা। অনেক প্রতিষ্ঠান গত সাত-আট মাস ধরে বিদ্যুতের বিল পায়নি বলে দাবি করেছে।
জ্বালানি বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দ্রুত বকেয়া পরিশোধ না হলে গরমে ব্যাপক লোডশেডিংয়ের আশঙ্কা রয়েছে। অন্যদিকে সাবেক উপদেষ্টারা বলছেন, এটি ইচ্ছাকৃত নয়, বরং ভর্তুকি ও রাজস্ব সংকট থেকেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।