প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬ ২১:০১ (বুধবার)
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃ ত্যু

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে মেহেদী হাসান আবির (২২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে সৈকতের সুগন্ধা পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত আবির চট্টগ্রামের আজিজ নগর এলাকার বাসিন্দা এবং নগরের রিয়াজুদ্দিন বাজারে একটি সিসিটিভি ক্যামেরার দোকানে কর্মরত ছিলেন।

জানা গেছে, আবির তার তিন বন্ধু—মো. আরিফুল ইসলাম, মো. তানজিন ও মো. মারুফুল হাসান রিপনকে সঙ্গে নিয়ে সকালে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুর ২টার দিকে তারা সুগন্ধা সৈকতে গোসলে নামেন। একপর্যায়ে প্রবল স্রোতের মধ্যে পড়ে আবির হঠাৎ নিখোঁজ হয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বন্ধুরা তাকে খুঁজে বের করার চেষ্টা করলেও তীব্র স্রোতের কারণে মুহূর্তেই তিনি গভীর পানিতে তলিয়ে যান। বিষয়টি তাৎক্ষণিকভাবে লাইফগার্ডদের জানানো হলে শুরু হয় উদ্ধার তৎপরতা।

নিখোঁজের প্রায় তিন ঘণ্টা পর বিকাল ৫টার দিকে সৈকতের পানিতে আবিরের লাশ ভেসে উঠতে দেখা যায়। এ সময় ‘সি সেইফ লাইফগার্ড’-এর সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সি সেইফ লাইফগার্ডের জ্যেষ্ঠ কর্মী মো. ওসমান বলেন, দুপুরের দিকে জোয়ারের স্রোত বেশ তীব্র ছিল। আমরা পর্যটকদের বারবার সতর্ক করছিলাম নির্দিষ্ট নিরাপদ জোনের বাইরে না যেতে। কিন্তু অসাবধানতাবশত তিনি গভীর পানিতে চলে গেলে এই দুর্ঘটনা ঘটে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ছমি উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রমে সহায়তা করেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।