মৌলভীবাজারের কমলগঞ্জে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় প্রায় তিন ঘণ্টা সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
রেলওয়ে সূত্র জানায়, সকাল ৬টার দিকে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন লাগে। ভানুগাছ ও শমশেরনগর স্টেশনের মাঝামাঝি স্থানে চলন্ত অবস্থায় ইঞ্জিন থেকে মবিল পড়ে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আগুন ছড়িয়ে পড়তেই ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। তবে সিলেটগামী ও ঢাকাগামী কয়েকশ যাত্রীকে ভোগান্তিতে পড়তে হয়।
কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ জানান, সিলেট থেকে বিকল্প ইঞ্জিন এনে বিকল ট্রেনটি উদ্ধার করে শমশেরনগর স্টেশনে নেওয়া হয়। পরে সকাল ৯টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়। এ কারণে ঢাকাগামী কালনী এক্সপ্রেসও প্রায় এক ঘণ্টা বিলম্বে চলাচল করে।
আইটি ল্যাব সলিউশন্স লি.