সিলেট বিভাগে এখনো ২৬০টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই বলে জাতীয় সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ তথ্য প্রাথমিক শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বড় ঘাটতির বিষয়টি আবারও সামনে এনেছে।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১১তম দিনের সকালের বৈঠকে লিখিত প্রশ্নোত্তরে এ তথ্য উপস্থাপন করা হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, দেশের প্রতিটি গ্রামে এখনো প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা সম্ভব হয়নি। তার দেওয়া তথ্য অনুযায়ী, সারাদেশে মোট ২ হাজার ৮৪৭টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই, যার মধ্যে সিলেট বিভাগের সংখ্যা ২৬০।
বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, ঢাকা বিভাগে ৭১৭টি, চট্টগ্রাম বিভাগে ৮১৮টি, রাজশাহী বিভাগে ৩৫৫টি, রংপুরে ৩৭টি, খুলনায় ৩৪৯টি, বরিশালে ৪৫টি এবং ময়মনসিংহে ২৬৬টি গ্রামে এখনো প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি।
শিক্ষামন্ত্রী আরও জানান, যেসব গ্রামে এখনো বিদ্যালয় নেই, সেখানে নতুন স্কুল স্থাপনের প্রস্তাব এলে প্রয়োজনীয়তা যাচাই করে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.