প্রকাশিত: ০৯ এপ্রিল, ২০২৬ ২০:১৭ (শনিবার)
সিলেট সফরে আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি, আগামী শনিবার (১১ এপ্রিল) দিনব্যাপী সফরে সিলেটে আসছেন।

সরকারি সফরসূচি অনুযায়ী, সকাল ৯টায় টিলাগড়ে ‘কৃষকের বাজার’ উদ্বোধনের মধ্য দিয়ে তাঁর কর্মসূচি শুরু হবে। এরপর সকাল ৯টা ৪৫ মিনিটে সিলেট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।

সকাল সাড়ে ১০টায় তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে “Youth Entrepreneurship & Startups for Students (YESS)” কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচিতে তরুণ উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করা হবে।

দুপুর ১২টায় সিলেট সিটি কর্পোরেশনে উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন মন্ত্রী। বিকাল ৩টায় বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে ‘আঞ্চলিক এসএমই পণ্যমেলা ২০২৬’-এর উদ্বোধন করবেন তিনি।

এরপর বিকাল ৪টায় সরকারি টিচার্স ট্রেনিং কলেজের বিপরীতে সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের আয়োজনে ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ উপলক্ষে বিশেষ চিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন।

দিনব্যাপী কর্মসূচির শেষাংশে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলীদের সাথে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মন্ত্রী।

এই সফরে কৃষি, শিক্ষা, উদ্যোক্তা উন্নয়ন এবং নগর উন্নয়নকে গুরুত্ব দিয়ে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।