সিলেটে হামের উপসর্গ নিয়ে গত পাঁচ দিনে তিন শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ শুক্রবার (১০ এপ্রিল) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। শিশুটির নাম বিশ্বজিৎ, তার বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়।
শনিবার (১১ এপ্রিল) সকালে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এর আগে গত ৮ এপ্রিল রাতে আরিশা নামে এক শিশু এবং ৬ এপ্রিল দুই মাস বয়সী আরেক শিশু একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মৃত তিন শিশুরই বয়স এক বছরের কম হওয়ায় বিষয়টি উদ্বেগজনক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ৪১ জনের শরীরে ল্যাব কনফার্ম হাম ও রুবেলা শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে ৭ জন (২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৩ জন, সুনামগঞ্জে ১১ জন এবং সিলেটে ১০ জন আক্রান্ত হয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৫ জন এবং সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা হাসপাতালে ১ জন ভর্তি রয়েছেন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ১০১ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সর্বোচ্চ ৫৩ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য সরকারি-বেসরকারি হাসপাতালে রোগীরা চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা হামের বিস্তার রোধে দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার এবং অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.