প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬ ২০:০৯ (সোমবার)
সিলেটে যে শর্তে আটক হওয়া ব্যাটারিচালিত যানবাহন ছেড়ে দেবে পুলিশ

সিলেটে বিভিন্ন সময়ে অভিযানে আটক করা ব্যাটারিচালিত যানবাহন রিকশা, ইজিবাইক, মিশুক ও টমটম মালিকদের কাছে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। তবে এসব যানবাহন ছাড় পেতে হলে মালিক ও চালকদের নির্ধারিত কিছু শর্ত মানতে হবে।

রোববার (১২ এপ্রিল) দুপুরে সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. আব্দুল কুদ্দুছ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরীতে ব্যাটারিচালিত সব ধরনের যানবাহনের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে ইতোমধ্যে আটক হওয়া যানবাহনগুলো শর্তসাপেক্ষে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো  মহানগর এলাকায় এসব যানবাহন আর চালানো যাবে না। এ বিষয়ে ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিতে হবে মালিক ও চালকদের।

এছাড়া যানবাহন ছাড় পেতে জমা দিতে হবে আটককৃত রেকার স্লিপের মূল কপি, আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং একটি সচল ফোন নম্বরসহ আবেদনপত্র। এসব কাগজপত্র সিলেট মহানগর পুলিশের ট্রাফিক অফিসে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ৮ এপ্রিল ব্যাটারিচালিত যানবাহনের মালিক ও চালকদের অনুরোধের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে আবেদন গ্রহণের শুরুর তারিখ বা শেষ সময়সীমা সম্পর্কে এখনো কোনো তথ্য জানানো হয়নি।

সিলেট মহানগর পুলিশ জানিয়েছে, নগরীর যানজট নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই অভিযান অব্যাহত রাখা হবে।