প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৬ ২২:০৪ (শুক্রবার)
সিলেটে ঝুঁকিপূর্ণ ভবন ওভারসীজ সেন্টার ঘিরে অভিযান, দোকান সরানোর নির্দেশ

সিলেট নগরীর অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা জিন্দাবাজারে একটি ঝুঁকিপূর্ণ ভবনকে ঘিরে বাড়ছে উদ্বেগ। দীর্ঘদিন ধরে সতর্কবার্তা উপেক্ষার পর অবশেষে প্রশাসনের অভিযানে সরব হয়েছে এলাকা। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেয় সিটি করপোরেশন ও পুলিশ প্রশাসনের সদস্যরা। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার মোঃ পারভেজ।

জানা যায়, জিন্দাবাজারে অবস্থিত ওভারসীজ সেন্টার ভবনটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ছিল। বিশেষ করে ভূমিকম্পের ঝুঁকির বিষয়টি সামনে আসায় প্রশাসন বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।

অভিযানকালে তিনি জানান, ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় একাধিকবার দোকান মালিকদের নোটিশ দেওয়া হলেও তারা তা আমলে নেননি। পরবর্তীতে বাধ্য হয়ে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ভবনের বিভিন্ন তলায় থাকা অন্তত ১৮টি দোকানের মালপত্র দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। ইতোমধ্যে দোকান মালিকরাও মালামাল সরিয়ে নিতে শুরু করেছেন।

প্রশাসন জানায়, ভবনটি ভেঙে ফেলার সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে এখানে নতুন একটি আধুনিক বহুতল ভবন নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
এদিকে হঠাৎ এমন অভিযানে এলাকায় কিছুটা উত্তেজনা দেখা দিলেও জননিরাপত্তার স্বার্থে প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।