সিলেটে শুরু হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হলেও ৬৭৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিলকিছ ইয়াছমিন।
জানা যায়, এবার সিলেট বিভাগে এসএসসি ও সমমানের মোট পরীক্ষার্থী ছিলেন ৮৯ হাজার ৬৪৩ জন। এর মধ্যে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ৭০ হাজার ৩৮৪ জন। প্রথম দিনে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৬৯ হাজার ৭১০ জন এবং অজ্ঞাত কারণে অনুপস্থিত ছিলেন ৬৭৪ জন।
প্রথম দিনে ২২৫টি কেন্দ্রে বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোনো পরীক্ষার্থী বা হল পরিদর্শক বহিষ্কারের ঘটনাও ঘটেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জেলা ভিত্তিক তথ্যে দেখা গেছে, সিলেট জেলায় মোট পরীক্ষার্থী ছিলেন ২৮ হাজার ৬২৫ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন ২৮ হাজার ৩৮৪ জন এবং অনুপস্থিত ছিলেন ২৪১ জন। এ জেলায় কেন্দ্র ছিল ৯৪টি।
হবিগঞ্জ জেলায় মোট পরীক্ষার্থী ১২ হাজার ৩৯৫ জন। প্রথম দিনে পরীক্ষায় অংশ নেন ১২ হাজার ২৫০ জন, অনুপস্থিত ছিলেন ১৪৫ জন। কেন্দ্র ছিল ৪৯টি।
মৌলভীবাজার জেলায় মোট পরীক্ষার্থী ছিলেন ১৫ হাজার ৬৭ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন ১৪ হাজার ৯৪৯ জন এবং অনুপস্থিত ১১৮ জন। এখানে কেন্দ্র ছিল ৩৭টি।
সুনামগঞ্জ জেলায় মোট পরীক্ষার্থী ছিলেন ১৪ হাজার ২৯৭ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেন ১৪ হাজার ১২৭ জন এবং অনুপস্থিত ছিলেন ১৭০ জন। এই জেলায় কেন্দ্র ছিল ৪৫টি।
সামগ্রিকভাবে প্রথম দিনের এসএসসি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা।আ
আইটি ল্যাব সলিউশন্স লি.