প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬ ২০:৫০ (বুধবার)
লোডশেডিংয়ের দাপটে অস্থির সিলেট, জনজীবন বিপর্যস্ত

ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটে অস্থির হয়ে উঠেছে সিলেটের জনজীবন। দিনে-রাতে বারবার লোডশেডিংয়ের কারণে নগর থেকে গ্রাম সবখানেই নেমে এসেছে ভোগান্তি।


সিলেট নগরীর বিভিন্ন এলাকায় প্রতিদিনই কয়েক দফা বিদ্যুৎ যাওয়া-আসা করছে। একবার বিদ্যুৎ চলে গেলে দীর্ঘ সময় পর ফিরে আসছে, ফলে বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত ঘটছে। বিশেষ করে সন্ধ্যার পর লোডশেডিংয়ের মাত্রা আরও বেড়ে যাচ্ছে।

নগরীর জিন্দাবাজার, আম্বরখানা, উপশহরসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, নির্দিষ্ট কোনো সময়সূচি ছাড়াই বিদ্যুৎ চলে যাচ্ছে। এতে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তীব্র গরমে শিশু ও বয়স্কদের দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ।

শুধু নগরী নয়, জেলার বিভিন্ন উপজেলা ও গ্রামাঞ্চলেও পরিস্থিতি আরও নাজুক। অনেক এলাকায় দিনে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় সেচ কার্যক্রম, ক্ষুদ্র শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো ক্ষতির মুখে পড়ছে।

ব্যবসায়ীরা বলছেন, বিদ্যুৎ বিভ্রাটের কারণে ক্রেতা কমে যাচ্ছে। ফ্রিজ, এসি ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি চালাতে না পারায় ব্যবসায় বড় ধরনের ক্ষতি হচ্ছে।

এদিকে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সিলেটবাসী।