সিলেটে প্রকাশক পরিষদ আয়োজিত সপ্তাহব্যাপী বইমেলার অনুমতি শেষ মুহূর্তে বাতিল করেছে সিলেট মহানগর পুলিশ। শুক্রবার থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মেলা শুরু হওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার রাতে মহানগর পুলিশের পক্ষ থেকে হঠাৎ করেই মেলার পূর্বের অনুমোদন বাতিলের বিষয়টি জানানো হয়। এর আগে পুলিশের অনুমতি নিয়ে মেলার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছিল আয়োজকরা।
এদিকে, মেলা উপলক্ষে শহীদ মিনার প্রাঙ্গণে স্টল নির্মাণ, সাজসজ্জাসহ প্রায় সব প্রস্তুতির কাজ শেষ হয়েছিল। আয়োজকদের দাবি, হঠাৎ করে শেষ মুহূর্তে অনুমতি বাতিল করায় তারা আর্থিক ও মানসিকভাবে বড় ক্ষতির মুখে পড়েছেন।
আয়োজক সূত্রে জানা যায়, এবারের মেলায় ঢাকা ও সিলেটের অন্তত ২০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেওয়ার কথা ছিল। ইতোমধ্যে ঢাকার কয়েকটি প্রকাশনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সিলেটে পৌঁছে গেছেন।
প্রকাশক পরিষদ, সিলেট–এর সাধারণ সম্পাদক সুফি সুফিয়ান বলেন, “আমরা মেলার প্রায় ৯০ শতাংশ প্রস্তুতি শেষ করেছি। ঢাকা থেকে অনেক স্টল এসে গেছে। এমন অবস্থায় অনুমতি বাতিল হওয়ায় আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হলাম।”
মেলা বাতিলের বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় মেলার অনুমতি বাতিল করা হয়েছে।”
আইটি ল্যাব সলিউশন্স লি.