প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬ ২০:২১ (সোমবার)
অবৈধ হজযাত্রীদের আশ্রয় দিলে ১ লাখ রিয়াল জরিমানা 

পর্যটক ভিসাধারী হজযাত্রীদের যদি কেউ বাস ভাড়া দেন কিংবা আশ্রয়ের ব্যবস্থা করেন, তাহলে ওই ব্যক্তিকে সর্বোচ্চ ১ লাখ রিয়াল (বাংলাদেশি মুদ্রায় ৩২ লাখ ৭০ হাজার ৫৯৯ টাকা) জরিমানা দিতে হতে পারে। 

শুক্রবার (২৪ এপ্রিল) এক লিখিত ঘোষণায় এ তথ্য জানিয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ঘোষণায় বলা হয়েছে, যারা ভিজিট ভিসাধারী হজযাত্রীদের হোটেল, অ্যাপার্টমেন্ট, ব্যক্তিগত বাসভবন বা অন্য কোনো ধরনের আশ্রয়স্থলে থাকার ব্যবস্থা করবেন, তাদের ওপর এই জরিমানা প্রযোজ্য হবে।

এছাড়াও, যারা প্রয়োজনীয় অনুমোদন ছাড়া কোনো ব্যক্তিকে মক্কা বা অন্যান্য ধর্মীয় স্থানে লুকিয়ে থাকতে সহযোগিতা করবেন, তারাও এই জরিমানার আওতায় পড়বেন।

পুরো হজ মৌসুম জুড়ে অর্থাৎ জিলকদ মাসের শুরু থেকে জিলহজ মাসের মাঝামাঝি পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে। 

বেশ কয়েক বছর ধরে হজযাত্রীদের জন্য পৃথক হজভিসা চালু করেছে সৌদি আরব। দেশটির সরকারের পক্ষ থেকে বার বার বলা হয়েছে, হজভিসা ব্যতীত দর্শনার্থী বা অন্য কোনো ভিসায় যদি কোনো ব্যক্তি হজ করতে আসেন— তাহলে তা অবৈধ বলে গণ্য করা হবে।

তবে সরকারের এই আদেশ অনেকেই মেনে চলেন না। অনেক বিদেশি নাগরিক দর্শনার্থী ভিসায় হজের উদ্যোগ নেন এবং প্রতি বছরই এই কারণে শত শত হজযাত্রীকে দেশে ফেরত পাঠায় সৌদির সরকার।

শুক্রবারের আদেশে এই সমস্যার সমাধানে নাগরিকদের সহযোগিতাও চেয়েছে সৌদির সরকার। বলা হয়েছে, কোনো নাগরিক যদি অবৈধ হজযাত্রীদের আবাসনের ব্যবস্থা সংক্রান্ত কোনো তথ্য জেনে থাকেন— তাহলে যেন তিনি সেই তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে প্রদান করেন।