প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬ ১৩:৫৩ (সোমবার)
২ মে সিলেট আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী ২ মে সিলেট সফরে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক সরকারি সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল ৮টা ২০ মিনিটে নিজ বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ১০টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।

সকাল ১০টা ৩০ মিনিটে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। এরপর সকাল ১১টায় সিলেট সার্কিট হাউস সংলগ্ন চাঁদনীঘাট এলাকায় শহরের জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশনের গৃহীত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান ও সুধী সমাবেশে যোগ দেবেন।

দুপুর ১১টা ৪৫ মিনিটে সিলেট জেলার খাদিমনগর ইউনিয়নে অবস্থিত বশিয়া খান খনন অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা হবেন। দুপুর ১২টায় সেখানে উপস্থিত হয়ে খনন কাজের শুভ উদ্বোধন করবেন।

দুপুর ১টা ৩০ মিনিটে সিলেট সার্কিট হাউসে অবস্থান ও বিশ্রাম নেবেন প্রধানমন্ত্রী। বিকেল ৩টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত নতুন ক্রীড়া স্পোর্টস-২০৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমি, সিলেটে আয়োজিত দলীয় সভায় অংশগ্রহণ করবেন তিনি।

সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়ে সন্ধ্যা ৭টায় ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। রাত ৮টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে সিলেটে প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। বিশেষ করে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।