প্রকাশিত: ০৪ মে, ২০২৬ ২০:৪০ (সোমবার)
ফের সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় নিহত ২

সুনামগঞ্জ-সিলেট সড়কে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত এবং তিনজন আহত হন।

সোমবার (৪ মে) দুপুরে ছাতকের জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

 নিহত দুজনের মধ্যে একজন হলেন তাহিরপুর উপজেলার তিউর জালাল গ্রামের হাসেম আলীর ছেলে ইউসুফ আলী (৫৫), যিনি সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন। তবে সিএনজিচালক ও আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হাইওয়ে পুলিশ জানায়, সোমবার দুপুরে সিলেট থেকে যাত্রী নিয়ে সুনামগঞ্জের দিকে যাচ্ছিল রিফাত পরিবহনের একটি বাস। অপরদিকে সুনামগঞ্জ থেকে সিলেটের দিকে যাচ্ছিল একটি সিএনজি। জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাসটি লেন পরিবর্তন করে বাম দিক থেকে ডান দিকে চলে গিয়ে সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দূরে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই সিএনজি চালক ও যাত্রী ইউসুফ আলীর মৃত্যু হয়। এ সময় বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশের খাদে পড়ে উল্টে যায়।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, ‘যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালকসহ দুজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’