সিলেটের জালালাবাদ থানা এলাকায় অজ্ঞাতনামা এক শিশু কন্যাকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে থানাধীন দুসকী এলাকা থেকে প্রায় ২ বছর বয়সী শিশুটিকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত শিশুটির গায়ের রং ফর্সা, মাথায় কালো চুল এবং তার পরনে ছিল কালো রঙের ফুলহাতা গেঞ্জি। তবে শিশুটি এতই ছোট যে, সে নিজের নাম-ঠিকানা বা পরিবারের কোনো তথ্য জানাতে পারছে না।
বর্তমানে শিশুটিকে নিরাপদে জালালাবাদ থানা হেফাজতে রাখা হয়েছে। তার প্রকৃত পরিচয় নিশ্চিত করে পরিবারের কাছে হস্তান্তরের জন্য সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে পুলিশ।
যদি কোনো সহৃদয় ব্যক্তি শিশুটির পরিচয় সম্পর্কে অবগত থাকেন, তাহলে জালালাবাদ থানা ডিউটি অফিসারের মোবাইল নম্বর ০১৩২০-০৬৭৫৯৯-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
পুলিশ বলছে, দ্রুত শিশুটির পরিচয় শনাক্ত করা গেলে তাকে পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.