প্রকাশিত: ১০ মে, ২০২৬ ২১:৩২ (বুধবার)
হামে বিপর্যস্থ সিলেট; ১০০ শয্যার শামসুদ্দিন হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই

সিলেটে হাম ক্রমেই ভয়ংকর রূপ নিচ্ছে। প্রায় প্রতিদিন হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর ঘটনা ঘটছে। গত ২৪ ঘণ্টায় আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ৬ এপ্রিল থেকে এ পর্যন্ত ২৬ শিশুর মৃত্যু হলো।

রবিবার (১০ মে) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

মারা যাওয়া দুই শিশুরা হলো আকরামুল (৯ মাস) ও সাইফান (৮ মাস)। আকরামুল হবিগঞ্জের বাহুবল উপজেলার আবদুল্লাহপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে, আর সাইফান সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া গ্রামের ইমরান মিয়ার ছেলে। এর মধ্যে আকরামুল ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আর সাইফান শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা গেছে।

স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, রবিবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় হাম আক্রান্ত নতুন কোনো রোগী শনাক্ত হননি। এখন পর্যন্ত সিলেট বিভাগে নমুনা পরীক্ষায় হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১৪২ জন। সিলেটে ল্যাব টেস্টের সুযোগ না থাকায় উপসর্গ নিয়ে আসা রোগীদের হামের চিকিৎসা দেওয়া হচ্ছে। কোনো রোগীর অবস্থা সংকটাপন্ন হলে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষা করে রিপোর্ট আনা হচ্ছে।

এদিকে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুরোগীর সংখ্যা বেড়েই চলছে। ১০০ শয্যার শামসুদ্দিন হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই। শত শয্যার ‘হাম ডেডিকেটেড’ হাসপাতালটিতে রবিবার সকাল পর্যন্ত ভর্তি ছিলেন ১১৪ জন শিশু।