ড্রাইভিং লাইসেন্স (ডি/এল) পরীক্ষায় অনিয়মের অভিযোগে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সিলেট সার্কেলের এক কর্মচারীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় আরও চার দালালকে আটক করা হলেও পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
সোমবার (১১ মে) দুপুর ১২টার দিকে সিলেট কালেক্টরেট ভবনের সামনে চালকদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় দালালদের সঙ্গে যোগসাজসের দায়ে মাস্টাররোলে কর্মরত মামুন রশিদকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি দালালদের সহযোগিতায় লাইসেন্স প্রার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করতেন।
তিনি আরও বলেন, এ সময় আরও চারজনকে আটক করা হলেও পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
তবে বিআরটিএ সিলেটের সহকারী পরিচালক আব্দুর রশিদ বলেন, চার থেকে পাঁচজনকে আটক করে ছেড়ে দেওয়া হয়েছে। তবে মামুন রশিদ নামে কেউ সেখানে চাকরি করেন না।
বিআরটিএ সিলেটের মোটরযান পরিদর্শক মো. মোশাররফ হোসেন বলেন, অফিসে মাস্টাররোলে কর্মরত একজনসহ পাঁচজনকে আটক করা হয়। এর মধ্যে একজনকে এক মাসের সাজা দেওয়া হয়েছে। তবে বিস্তারিত তথ্য জানতে তিনি অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেটের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।
খোঁজ নিয়ে জানা গেছে, উচ্চমান সহকারী (ইউডি) পদে মাস্টাররোলে কর্মরত মামুন রশিদ দালালদের সঙ্গে যোগসাজস করে লাইসেন্স পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার নামে অতিরিক্ত টাকা আদায় করতেন বলে অভিযোগ রয়েছে।
সোমবার লাইসেন্স পরীক্ষা চলাকালে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় অভিযুক্ত কর্মচারী ও চার দালালকে আটক করা হয়। পরে মামুন রশিদকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং চার দালালকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
আইটি ল্যাব সলিউশন্স লি.