প্রকাশিত: ১২ মে, ২০২৬ ২২:২০ (বুধবার)
সিলেটে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ২

সিলেট নগরীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। এ ঘটনায় আরও একজন পলাতক রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। ভুক্তভোগী নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী সাতক্ষীরা জেলার বাসিন্দা। তিনি পেশাগতভাবে ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত। ধর্মীয় উদ্দেশ্যে তিনি সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের জন্য আসেন এবং পথে মানুষের সহায়তায় যাত্রা অব্যাহত রাখছিলেন।

র‍্যাব জানায়, সোমবার (১১ মে) রাতে সিলেটের শাহপরান এলাকায় এক ব্যক্তি প্রথমে ওই নারীর সঙ্গে পরিচিত হন এবং বিয়ের প্রলোভন দেখিয়ে কথা বলেন। পরে তাকে কৌশলে লোহারপাড়া এলাকার একটি বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই অবস্থান করা কয়েকজন ব্যক্তি এবং আরও কিছু সিএনজি অটোরিকশাচালক মিলে তাকে আটক করে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার পর মঙ্গলবার সকালে ভুক্তভোগী পাশের ভাড়াটিয়াদের কাছে বিষয়টি জানালে স্থানীয়রা র‍্যাবকে খবর দেন। পরে র‍্যাব-৯ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। এ সময় একটি সিএনজি অটোরিকশা ও একটি ধারালো অস্ত্র (ছুরি) জব্দ করা হয়। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেনি র‍্যাব।

র‍্যাব-৯ এর সিপিএস কোম্পানি কমান্ডার মেজর সাদমান বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুইজন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ভুক্তভোগীর বক্তব্যের সঙ্গে তাদের দেওয়া তথ্যের মিল পাওয়া গেছে। পলাতক এক সিএনজি অটোরিকশা চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।”

তিনি আরও জানান, ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসা শেষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মামলা দায়ের করা হবে এবং আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হবে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের অতীত অপরাধের তথ্যও যাচাই করা হচ্ছে। পুরো চক্র সম্পর্কে বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।