প্রকাশিত: ১৭ মে, ২০২৬ ১২:২৭ (রবিবার)
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নি হ ত

হবিগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত হয়েছেন।

শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের পোদ্দারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হবিগঞ্জ পৌর এলাকার সুলতান মাহমুদপুর গ্রামের আব্দুল কাইয়ুম (৫৫) ও তার ছেলে জাকির হোসেন (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে আব্দুল কাইয়ুম ও তার ছেলে জাকির হোসেন মোটরসাইকেলযোগে ধুলিয়াখালের দিকে যাচ্ছিলেন। পথে পোদ্দারবাড়ি এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে বাবা ও ছেলে নিহত হন।