প্রকাশিত: ১৮ মে, ২০২৬ ১৩:১৫ (মঙ্গলবার)
সিলেট নগরীতে প্রকাশ্যে ১০ লাখ টাকা ছিনতাই

সিলেট নগরের মিরাবাজারে মনিরুল হক চৌধুরী বাপ্পী নামে এক ব্যক্তির ১০ লাখ টাকা ছিনতাই হয়েছে।

রোববার (১৭ মে) বিকাল সাড়ে ৩টার দিকে নগরের মিরাবাজার রূপালী ব্যাংকের পাশেই এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার মনিরুল হক চৌধুরী বাপ্পী নগরের হাউজিং এস্টেট এলাকার ২১ নং বাসার বাসিন্দা। তিনি মিরাবাজার তার ভগ্নিপতির টাকা উত্তোলন করে দিতে গিয়ে ছিনতাইয়ের শিকার হন।

মনিরুল হক চৌধুরী বাপ্পী বলেন, আমার বোনের বাসা নগরের মিরাবাজারে। আমি প্রায় সময় ভগ্নিপতি স্বপন চৌধুরীর টাকা উত্তোলন করে দিয়ে আসি।

আমার সঙ্গে বাসার কেয়ারটেকার মঈন উদ্দিনও থাকেন। বরাবরের ন্যায় কেয়ারটেকারকে নিয়ে চেক দিয়ে টাকা উত্তোলন করতে মিরাবাজার রূপালি ব্যাংকে যাই।

টাকা তুলে হেঁটে বাসায় ফিরছিলাম। বাসার গলির মুখে পৌঁছামাত্র পেছন থেকে আসা একটি মোটরসাইকেলে দুই ছিনতাইকারী সজোরে ধাক্কা দেয় এবং ব্যাগ টান দিয়ে ছিনিয়ে নিয়ে মিরাবাজার জামেয়া মাদরাসার দিকে পালিয়ে যায়।
তিনি বলেন, আমরা তাৎক্ষণিক পিছু ধাওয়া করেও ছিনতাইকারীদের ধরতে পারিনি। এ ঘটনায় সোমবার মামলা করবো।

এসএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে ঘটনাস্থলের আশপাশের কেউ এ বিষয়ে কথা বলতে চাননি। আমরা সিসি ফুটেজ নিয়ে ঘটনাটি খতিয়ে দেখছি। এ ব্যাপারে এখনো থানায় অভিযোগ দেওয়া হয়নি।