প্রকাশিত: ২১ মে, ২০২৬ ২১:০৭ (বৃহস্পতিবার)
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছেন সেনারা: সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশ এখন স্থিতিশীল হওয়ায় সেনাসদস্যরা ধীরে ধীরে ব্যারাকে ফিরছেন। তবে সরকারের প্রয়োজন হলে সেনাবাহিনী মাঠপর্যায়ে দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে কুমিল্লা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, ২০২৪ সালের ২০ জুলাই থেকে সেনাবাহিনী দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছে। বর্তমানে দেশের ৬২ জেলায় ১৬ থেকে ১৭ হাজার সেনাসদস্য মোতায়েন আছেন। ইতিমধ্যে অনেক সেনাসদস্যকে প্রত্যাহার করা হয়েছে, বাকিরাও ধীরে ধীরে ব্যারাকে ফিরে আসবেন।

তিনি বলেন, দেশের প্রয়োজনে সেনাবাহিনীকে সময় সময় বিভিন্ন দায়িত্ব পালন করতে হবে। বর্তমানে জ্বালানি ডিপোসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় সেনাসদস্যরা দায়িত্ব পালন করছেন। সরকার চাইলে ভবিষ্যতেও এ ধরনের দায়িত্ব পালন অব্যাহত থাকবে।

সেনাপ্রধান আরও বলেন, সেনাবাহিনীর মূল দায়িত্ব যুদ্ধের জন্য প্রস্তুত থাকা। সে জন্য ক্যান্টনমেন্টে ফিরে নিয়মিত প্রশিক্ষণ ও ফায়ারিং অনুশীলন শুরু করা প্রয়োজন। দীর্ঘদিন মাঠপর্যায়ে দায়িত্ব পালনের পরও সেনাসদস্যদের ফায়ারিং দক্ষতা অটুট রয়েছে বলে সন্তোষ প্রকাশ করেন তিনি।

প্রতিযোগিতায় বিজয়ী ও রানারআপ দলকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, দীর্ঘ ১৮ মাস মাঠে দায়িত্ব পালনের পরও সেনাসদস্যরা যে দক্ষতা দেখিয়েছেন, তা প্রশংসনীয়।

পরে সেনাপ্রধান বিজয়ী ও রানারআপ দলের সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

গত ১৬ মে শুরু হওয়া এ প্রতিযোগিতায় সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড ও প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেয়। এতে ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড রানারআপ হয়।

অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।