প্রকাশিত: ২২ মে, ২০২৬ ১৭:২৬ (শনিবার)
দায়িত্বই কাল হলো র‍্যাব সদস্য ইমনের

দায়িত্ব পালন করতে গিয়েই ঝরে গেল এক তরুণ প্রাণ। সন্ত্রাস আর ছিনতাইয়ের অন্ধকার থামাতে এগিয়ে এসে শেষ পর্যন্ত মৃত্যুকেই আলিঙ্গন করতে হলো র‍্যাব সদস্য ইমন আচার্যকে। 

সিলেট নগরীর ব্যস্ততম ক্বীন ব্রিজ এলাকায় শুক্রবার (২২ মে) দুপুরে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনা নগরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

 

দুপুর গড়াচ্ছিল ধীরে ধীরে। নগরবাসী যখন নিজ নিজ ব্যস্ততায় ছুটছিল, ঠিক তখনই ক্বীন ব্রিজ এলাকায় ছিনতাইকারীর পিছু নেয় আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে অংশ নেন সাদা পোশাকে থাকা র‍্যাব সদস্য ইমন আচার্যও। সাহসিকতার সঙ্গে ছিনতাইকারীকে আটকাতে এগিয়ে গেলে আচমকাই ধারালো ছুরির আঘাতে লুটিয়ে পড়েন তিনি।

রক্তাক্ত অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এর আইসিইউতে নেওয়া হয়। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালালেও শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানেন ইমন। দায়িত্ব পালন করতে গিয়ে তার এমন মৃত্যু সহকর্মী ও স্বজনদের মাঝে গভীর শোকের জন্ম দিয়েছে।

ঘটনার পরপরই পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে অভিযুক্ত ছিনতাইকারীকে গ্রেফতার করে। এ বিষয়ে সাইফুল ইসলাম জানান, ছিনতাইকারীদের বিরুদ্ধে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে।

একজন দায়িত্বশীল সদস্য হিসেবে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করলেন ইমন আচার্য। তার এই আত্মত্যাগ নগরবাসীর মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।