মাত্র তিন মাস আগে বিয়ে করেছিলেন র্যাব-৯ এর সদস্য ইমন আচার্য। নতুন সংসার, নতুন স্বপ্ন আর ভবিষ্যৎকে ঘিরে ছিল নানা পরিকল্পনা। কিন্তু সেই সুখ বেশিদিন স্থায়ী হলো না। দায়িত্ব পালন করতে গিয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন তিনি। আর অল্প সময়ের ব্যবধানে স্বামী হারিয়ে নিঃস্ব হয়ে পড়লেন তার নববধূ স্ত্রী।
শুক্রবার (২২ মে) দুপুরে চাঁদনীঘাট এলাকায় ছিনতাইকারীকে ধরতে গিয়ে গুরুতর আহত হন ইমন আচার্য। পরে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ইমন আচার্যের বাড়ি হাটহাজারী উপজেলা-এর ধলই ইউনিয়নের আশ্চর্যপাড়ায়। তিনি রঞ্জিত আশ্চর্যের কনিষ্ঠ পুত্র। পরিবার জানায়, প্রায় ১০ দিন আগে গ্রামের বাড়ি থেকে কর্মস্থল সিলেটে ফিরেছিলেন তিনি।
ইমনের কাকা ও পশ্চিম ধলই উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রাণজিৎ আচার্য বলেন, “ফেব্রুয়ারি মাসে ইমনের বিয়ে হয়েছিল। সংসার শুরু করেছিল খুব স্বপ্ন নিয়ে। কিন্তু তিন মাস না যেতেই তার স্ত্রীকে বিধবা হতে হলো। আমরা এখনো বিশ্বাস করতে পারছি না, ছেলেটা আর নেই।”
স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতাল প্রাঙ্গণ। পরিবারের সদস্যরা বলছেন, ইমনের স্ত্রী বারবার স্বামীর কথা বলে কান্নায় ভেঙে পড়ছেন। যে মানুষটি কিছুদিন আগেও নতুন জীবনের স্বপ্ন দেখছিলেন, সেই মানুষটির নিথর দেহ এখন ফিরবে গ্রামের বাড়িতে।
আইটি ল্যাব সলিউশন্স লি.