সিলেটে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি। তবুও ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসাহে কমতি ছিল না মুসল্লীদের। বৃষ্টিকে উপেক্ষা করে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন হাজারো মুসল্লী।
শনিবার সকাল থেকে আকাশ ছিল মেঘলা। নামাজের সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকলেও ছাতা, রেইনকোট কিংবা মাথায় পলিথিন দিয়ে মুসল্লীরা ঈদগাহে উপস্থিত হন। অনেককে ভেজা অবস্থাতেই কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করতে দেখা গেছে।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এসময় ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন দেশে নির্যাতিত মুসলমানদের জন্যও দোয়া করা হয়।
মুসল্লীরা জানান, আবহাওয়া প্রতিকূল হলেও ঈদের জামাতে অংশ নেওয়ার আগ্রহে কোনো কমতি ছিল না। বরং বৃষ্টির মধ্যেও একসাথে নামাজ আদায়ের ভিন্নরকম অনুভূতি তৈরি হয়েছে।
ঈদগাহ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা গেছে। মুসল্লীদের নিরাপত্তা ও যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করেন তারা।
আইটি ল্যাব সলিউশন্স লি.