ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল উৎসবের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বিশ্ব। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাঠে আয়োজিত হতে যাচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে এবার, আর ম্যাচের সংখ্যা লাফিয়ে উঠে দাঁড়াবে ১০৪-এ। শুধু আয়োজনের পরিধি বাড়ছে না, পুরোনো রেকর্ডগুলোও এবার বড় ধরনের চাপের মুখে পড়তে চলেছে। ফুটবলপ্রেমীদের চোখ এখন সেই পাঁচটি রেকর্ডের দিকে, যা হয়তো এবার নতুন করে লেখা হবে।
ম্যাচ জয়ের রেকর্ডেও মেসির সম্ভাবনা
বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয় (১৭টি) ক্লোসার। যা বিশ্বকাপে এখন পর্যন্ত রেকর্ড। মেসি আছেন এক ধাপ পিছনে, ১৬টি জয় নিয়ে। আর্জেন্টিনা যদি গ্রুপ পর্বে অন্তত দুটি ম্যাচ জিততে পারে, তাহলে মেসিই হয়ে যাবেন বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জয়ী খেলোয়াড়।
ছয় বিশ্বকাপ খেলার বিরল কীর্তি
বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র পাঁচজন খেলোয়াড় পাঁচটি আসরে অংশ নিয়েছেন। তাদের মধ্যে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো এবং মেক্সিকোর গুইলার্মো ওচোয়া ২০২৬ সালে মাঠে নামলেই ইতিহাস গড়বেন। মাত্র এক সেকেন্ডের জন্যও খেললেই তারা হবেন প্রথম ফুটবলার যারা ছয়টি বিশ্বকাপে অংশ নিয়েছেন।
ক্লোসার গোলের রেকর্ডে চ্যালেঞ্জ
জার্মানির মিরোস্লাভ ক্লোসা বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোল করেছেন। মেসির আছে ১৩ গোল, আর কিলিয়ান এমবাপের আছে ১২ গোল। মেসির দরকার আর মাত্র ৪টি গোল, এমবাপের দরকার ৫টি। এমবাপের বয়স ও ফর্ম দেখে অনেকেই মনে করছেন, এবার ক্লোসার সিংহাসন টলতে পারে।
কোচদের রেকর্ডে নতুন সম্রাট?
প্রায় ৪৮ বছর ধরে জার্মান কোচ হেলমুট শনের ১৬টি জয়ের রেকর্ড অটুট আছে। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম এখন ১৪টি জয় নিয়ে আছেন। ফ্রান্স যদি দুটি ম্যাচ জিততে পারে তাহলে সমতা, আর তিনটি জিতলে দেশম ভেঙে দেবেন এই দীর্ঘদিনের রেকর্ড।
গোলের বন্যা বইবে?
২০২২ সালের কাতার বিশ্বকাপে ৬৪ ম্যাচে মোট ১৭২টি গোল হয়েছিল। এবার ম্যাচ বেড়েছে ৪০টি। প্রতি ম্যাচে গোলের গড় যদি তুলনামূলক কমও হয়, তবু সেই রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, এবারের আসরে মোট গোল ২০০ ছাড়িয়ে যেতে পারে।
২০২৬ বিশ্বকাপ শুধু একটি টুর্নামেন্ট নয়, ফুটবল ইতিহাসের এক নতুন অধ্যায় লেখার মঞ্চ হয়ে উঠতে চলেছে। কোন রেকর্ড টিকবে, আর কোনটি নতুন করে লেখা হবে সেটা দেখতে আর বেশি দেরি নেই।
আইটি ল্যাব সলিউশন্স লি.