দরগা মহল্লায় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট; অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে ২ লাখ ৫ হাজার টাকা দণ্ড
সিলেট নগরীর দরগা মহল্লা এলাকায় লাইসেন্স না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা কার্যক্রম পরিচালনার দায়ে দুটি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো 'মহানগর হাসপাতাল' এবং 'ল্যাব ডেল্টা ডায়াগনস্টিক সেন্টার'।
আজ বুধবার বিকেল সোয়া চারটায় সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে দরগা মহল্লা এলাকায় এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. পারভেজ।
আদালত সূত্র জানায়, প্রতিষ্ঠান দুটিতে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর একাধিক গুরুতর অনিয়ম পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে— হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার জন্য প্রয়োজনীয় যথাযথ অনুমোদন না থাকা, ল্যাবে রোগ জীবাণু ছড়ানো রোধে চরম অবহেলা ও উদাসীনতা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ এবং চিকিৎসা সংক্রান্ত সংবেদনশীল যন্ত্রপাতি সঠিকভাবে ব্যবহার না করা।
এসব অপরাধে প্রতিষ্ঠান দুটিকে নগদ ২ লাখ ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সাথে ভবিষ্যতে জনস্বাস্থ্য রক্ষায় এবং চিকিৎসা সেবার মান উন্নত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক থাকার নির্দেশ দেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট।
অভিযান শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং চিকিৎসা সেবায় যেকোনো ধরনের অবহেলা ও অনিয়ম রোধে জনস্বার্থে জেলা প্রশাসনের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.