প্রকাশিত: ০৬ জুন, ২০২৬ ২০:৫৭ (রবিবার)
বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে ইরান–যুক্তরাষ্ট্র সম্পর্ক ঘিরে টানাপোড়েনের মধ্যেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হয়েছে। শনিবার সকালে মার্কিন অপরিশোধিত তেল ডব্লিউটিআইয়ের দাম ২ দশমিক ৬ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৫৪ ডলারে নেমে আসে।

ব্যবসায়ীদের মতে, হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সীমিত সামরিক সংঘাতের আশঙ্কা কমে আসা এবং তেল সরবরাহে তাৎক্ষণিক ঝুঁকি হ্রাস পাওয়ায় বাজারে এ দরপতন দেখা দিয়েছে।

অয়েলপ্রাইস ডটকমের তথ্য অনুযায়ী, বেইজিংয়ের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৯৪ ডলার কমে ৯৩ দশমিক ০৯ ডলারে দাঁড়ায়। এতে এই তেলের দাম ২ দশমিক ০৪ শতাংশ কমে যায়।

একই সময়ে মুরবান ক্রুডের দাম ২ দশমিক ৮২ ডলার কমে ৯০ দশমিক ৬৮ ডলারে নেমে আসে, যা ৩ দশমিক ০২ শতাংশ পতন।

অন্যান্য বেঞ্চমার্কেও দরপতন দেখা গেছে। ডব্লিউটিআই মিডল্যান্ডের দাম ২ দশমিক ৬৯ শতাংশ কমে ৯১ দশমিক ১৭ ডলারে, মার্স ক্রুডের দাম ১ দশমিক ৭৬ শতাংশ কমে ১১২ দশমিক ২১ ডলারে এবং ওয়েস্টার্ন কানাডিয়ান সিলেক্টের দাম ৩ দশমিক ৫৬ শতাংশ কমে ৮০ দশমিক ৬৯ ডলারে নেমেছে।

এ ছাড়া প্রাকৃতিক গ্যাস ও হিটিং অয়েলের দামও কমেছে। তবে ডিজেলের দাম ০ দশমিক ২৫ শতাংশ বেড়েছে।

চলতি বছরের ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনার পর থেকে বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিশ্বে সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই সংকীর্ণ পথ দিয়ে যাতায়াত করে।

গত ফেব্রুয়ারির শেষে শুরু হওয়া সংঘাতের পর থেকে এ পথে তেল পরিবহন প্রায় বন্ধ হয়ে যায়। এতে বিশ্ববাজারে তেলের সরবরাহে বড় ধরনের প্রভাব পড়ে।

সূত্র: গালফ নিউজ।