সিলেট বিভাগের ওপর দিয়ে আজ শনিবার দিবাগত রাতের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে তীব্র দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বজ্রসহ বৃষ্টির তীব্র আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার বিকেলে প্রকাশিত এক বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, আজ রাত ১টার মধ্যে সিলেটসহ দেশের ১৮টি অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত একটি লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। এর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।
এই লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
আজকের এই ঝড়-বৃষ্টির পূর্বাভাস চলাকালীন অপ্রয়োজনে ঘরের বাইরে বের না হওয়ার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে নৌযানসহ সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.