সিলেট নগরীর সুরমা পয়েন্ট এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ সুমন আহমদ (২৩) নামে এক চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত সুমন ছিনতাই ছাড়াও সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম সন্দিগ্ধ আসামি।
গতকাল ৫ জুন (শুক্রবার) সকাল সাড়ে ৬টার দিকে কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সোলায়মান মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল সুরমা পয়েন্টে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সুমন আহমদ নেত্রকোনা জেলার মদন উপজেলার ত্রিপন (জয় বাংলাবাজার) গ্রামের হেলাল মিয়ার ছেলে। সে বর্তমানে সিলেট নগরীর শামীমাবাদ আবাসিক এলাকার লিচু মিয়ার কলোনিতে বসবাস করছিল।
পুলিশের ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) পর্যালোচনা করে জানা গেছে, সুমনের বিরুদ্ধে এসএমপির কোতোয়ালী মডেল থানায় ২০১৫ থেকে শুরু করে ২০২৫ সাল পর্যন্ত খুন, ছিনতাই ও হামলাসহ বিভিন্ন অপরাধে অন্তত ৭টি মামলা রয়েছে। এর মধ্যে ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলার তদন্তেও তার নাম উঠে এসেছে।
কোতোয়ালী মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আজ শনিবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নগরীতে অপরাধ ও ছিনতাই দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.