সিলেটসহ সারাদেশে মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলার সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত সব ধরনের দোকান ও মার্কেট খোলা রাখা যাবে।
বৃহস্পতিবার (১১ জুন) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার কারণে খুচরা ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে। এতে ব্যবসায়ী, কর্মচারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের আয় কমে গেছে। অনেক ব্যবসায়ী কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করতেও হিমশিম খাচ্ছেন। এ পরিস্থিতিতে ব্যবসার স্বাভাবিক গতি বজায় রাখতে দোকান ও মার্কেট রাত সাড়ে ৯টা পর্যন্ত খোলা রাখার দাবি জানানো হয়েছিল।
তিনি আরও বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী তাদের জানিয়েছেন যে, বৃহস্পতিবার (১১ জুন) থেকে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখা যাবে। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী এবং জ্বালানী মন্ত্রী অভিনন্দন জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি।
উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এর আগে বিদ্যুৎ বিভাগ দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছিল। তবে ঈদের পর পুনরায় সন্ধ্যা ৭টার মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠান ও শপিংমল বন্ধ রাখার নিয়ম কার্যকর করা হয়। নতুন সিদ্ধান্তের ফলে ব্যবসায়ী মহলে স্বস্তি ফিরবে এবং খুচরা বাজারে বেচাকেনা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।বাংলাদেশ জাতীয় খবর
আইটি ল্যাব সলিউশন্স লি.