প্রকাশিত: ১১ জুন, ২০২৬ ২০:৫৬ (বৃহস্পতিবার)
সিলেটে চার ঘণ্টার চিরুনি অভিযান, আ ট ক ১৫৪

সিলেট মহানগরজুড়ে চার ঘণ্টাব্যাপী বিশেষ চিরুনি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৫৪ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১১ জুন) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিভিন্ন থানা এলাকায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, ছিনতাইকারী দমন, কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএমের নির্দেশনায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট অপরাধে জড়িতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

থানাভিত্তিক তথ্য অনুযায়ী, কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে ৩৪ জন, জালালাবাদ থানা থেকে ২১ জন, এয়ারপোর্ট থানা থেকে ২৬ জন, দক্ষিণ সুরমা থানা থেকে ২৭ জন, মোগলাবাজার থানা থেকে ১৯ জন এবং শাহপরাণ থানা এলাকা থেকে ২৭ জনকে আটক করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।