স্থায়ী ক্যাম্পাসের দাবিতে টানা এক সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীরা। গত ৮ জুন থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে একাধিক দফা আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় আন্দোলন অব্যাহত রেখেছেন তারা।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘ এক বছর ধরে বিভিন্ন সময়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ও স্থানান্তরের বিষয়ে আশ্বাস দিয়ে আসছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে নানা অজুহাতে সেই প্রক্রিয়া বারবার পিছিয়ে যাচ্ছে। ফলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি উত্থাপন করেছেন। এর মধ্যে রয়েছে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ও স্থানান্তরের সুনির্দিষ্ট সময়সীমাসহ লিখিত রোডম্যাপ প্রকাশ, শিক্ষার্থীদের সমন্বয়ে স্বাধীন মনিটরিং টিম গঠন, ছাত্রবান্ধব বাস সার্ভিস চালু, ইউজিসি নির্দেশিত শূন্যপদে দ্রুত নিয়োগ এবং বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের তারিখ ঘোষণা।
শিক্ষার্থীদের দাবি, স্থায়ী ক্যাম্পাসের কাজের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণের জন্য অন্তত ২০ সদস্যের একটি মনিটরিং টিম গঠন করতে হবে। একই সঙ্গে নির্মাণকাজের স্বচ্ছতা নিশ্চিত করতে শিক্ষার্থীদের সরাসরি তদারকির সুযোগ দিতে হবে।
এছাড়া দীর্ঘদিন ধরে প্রতিশ্রুত পরিবহন ব্যবস্থা চালু, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের জন্য দ্রুত সমাবর্তনের আয়োজনেরও দাবি জানিয়েছেন তারা।
আইটি ল্যাব সলিউশন্স লি.