প্রকাশিত: ১৮ জুন, ২০২৬ ২০:৫২ (শুক্রবার)
সিলেটে এবার পর্যটকদের নিরাপত্তা দিতে মাজারে থাকবে ট্যুরিস্ট পুলিশ

৩৬০ অলি আউলিয়ার পণ্যভুমি সিলেট যেখানে প্রতিদিন দেশের নানা জায়গা থেকে ঘুরতে আসেন পর্যটকরা শুধু যে ঘুরতে আসেন তা না মাজার জিয়ারতে আসেন হাজার ঘাজার পর্যটক। তবে দীর্ঘদিন মাজারের নিরাপত্তার দায়িত্ব পালন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সদস্যরা তাদের সাথে এবার নতুন করে যুক্ত করা হয়েছে ট্যুরিস্ট পুলিশ। 

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকেই মাজারের প্রধান ফটকে ট্যুরিস্ট পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। 

জানা যায়, দেশ-বিদেশের অসংখ্য পর্যটক ও ধর্মপ্রাণ মানুষের অন্যতম গন্তব্যস্থান সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজার। প্রতিদিন হাজারও ভক্ত আশেকান ও দর্শনার্থীর পদচারণায় মুখরিত থাকে এই পবিত্র স্থান। আর এই মাজারকে নিরাপদ ও পর্যটকবান্ধব করতে শাহজালাল মাজার এলাকায় ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম জোরদার করা হয়েছে। পর্যটকদের নির্বিঘ্নে ভ্রমণ নিশ্চিত করা, হয়রানি প্রতিরোধ, শৃঙ্খলা রক্ষা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা দ্রুত মোকাবিলার লক্ষ্যে শাহজালাল (রহ.) মাজার এলাকায় নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

নোয়াখালী থেকে সিলেটের মাজার জিয়ারতে আসা মাহমুদ নামের ভক্ত বলেন, ‘আমরা আগে যখন আসছিলাম তখন মাজারে সাধারণ পুলিশ ছিল। এইবার এসে ভালো লাগলো মাজারের মধ্যে ট্যুরিস্ট পুলিশ দেখা যাচ্ছে। আবার অন্যদিকে মাজারের নতুন বড় দানবাক্স বসানো হয়েছে। এখন আগের তুলনায় এখন অনেক বেশি নিরাপদ মনে হচ্ছে। ট্যুরিস্ট পুলিশের সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন। এতে পরিবার নিয়ে ঘুরতে এসে স্বস্তি পাওয়া যায়।’

কিশোরগঞ্জ থেকে আগত আখতার হোসাইন বলেন, ‘আমরা বছরের বিভিন্ন ছুটিতে পরিবার-পরিজন নিয়ে সিলেটের এই দুই মাজারে ঘুরতে আসি। পরিবার নিয়ে মাজারে আসতে ভালো লাগে। এইবার আরও ভালো লাগলো ট্যুরিস্ট পুলিশ দেখে। আগে তো এইরকম ট্যুরিস্ট পুলিশ ছিলনা তবে এইবার মাজার ছাড়াও একটু পর্যটন স্থান হিসেবে মনে হচ্ছে। দূর-দূরান্ত থেকে অনেক মানুষ এখানে আসেন। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হওয়ায় সবাই নিশ্চিন্তে মাজার জিয়ারত করতে পারছেন।’

ট্যুরিস্ট পুলিশ সিলেট জোনের পরিদর্শক (ইন্সপেক্টর) হলেন রঞ্জন সামন্ত বলেন, ‘শাহজালাল (রহ.) মাজার সিলেটের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও পর্যটন কেন্দ্র। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সার্বক্ষণিক নজরদারি করছি। কেউ কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। পর্যটকদের নিরাপদ ও আনন্দময় ভ্রমণ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।’
 
তিনি আরও বলেন, ‘পর্যটকদের সেবা প্রদান, হয়রানি প্রতিরোধ এবং নিরাপদ পরিবেশ বজায় রাখতে ট্যুরিস্ট পুলিশ সর্বদা দায়িত্ব পালন করে যাচ্ছে।’