মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত সবাই সিলেটের কানাইঘাট উপজেলার দক্ষিণ বানিগ্রাম ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম নিহতদের পরিবারের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার (২১ জুন) কাতারের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে আল শাহানিয়া শহরের সামাল সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে শাহানিয়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।
নিহতরা হলেন— উপজেলার আগতালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন এবং মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।
নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ছয় আরোহীর মৃত্যু হয়। তবে নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসনের সহায়তায় মরদেহগুলো উদ্ধার করে কাতারের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ওসি আমিনুল ইসলাম বলেন, নিহত প্রবাসীদের পরিবারের সদস্যরা আবেদন করলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের সার্বিক সহায়তার উদ্যোগ নেওয়া হবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.