প্রত্যাহারের আদেশ জারির একদিন পর সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম দায়িত্ব হস্তান্তর করেছেন। আগামীকাল মঙ্গলবার (২৩ জুন) তিনি সিলেট ত্যাগ করবেন।
তার বিদায়ের পর নতুন জেলা প্রশাসক যোগদান না করা পর্যন্ত ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।
সোমবার (২২ জুন) রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পিংকি সাহা।
প্রশাসন সূত্রে জানা গেছে, দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর জেলা প্রশাসনের নিয়মিত কার্যক্রম সচল রাখতে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে রুটিন দায়িত্ব পালন করবেন তিনি।
পিংকি সাহা বলেন, “আজ বিকেল ৫টার দিকে বিদায়ী জেলা প্রশাসক আমার কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন। ভারপ্রাপ্ত ডিসি হিসেবে আপাতত আমি রুটিন দায়িত্ব পালন করব। এ কাজে সবার সহযোগিতা কামনা করছি।”
সিলেটবাসীর উদ্দেশে কোনো বার্তা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, “আমি রুটিন দায়িত্বে থাকব। সবাই সহযোগিতা করলে কাজ সহজ হবে।”
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়। সেই সিদ্ধান্তের পরপরই তিনি দায়িত্ব হস্তান্তর করে সিলেট ছাড়ার প্রস্তুতি নেন।
উল্লেখ্য, সম্প্রতি সিলেটে মাজার ব্যবস্থাপনা ও বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তকে কেন্দ্র করে আলোচনার মধ্যে ছিলেন মো. সারওয়ার আলম। তার প্রত্যাহারকে ঘিরে সিলেটে পক্ষে-বিপক্ষে নানা প্রতিক্রিয়াও দেখা গেছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.