প্রকাশিত: ০৫ জুলাই, ২০২৬ ২০:২৫ (সোমবার)
প্রধানমন্ত্রীর নির্দেশেই সিলেট ম্যানচেস্টার ফ্লাইট চালু: বিমানমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশই সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু হয়েছে, এটা বন্ধ হওয়ার কোনো অবকাশ নেই বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মিজ আফরোজা খানম। 

রোববার (৫ জুলাই) দুপুরে ওসমানী বিমানবন্দরে ম্যানচেস্টার ফ্লাইটের যাত্রীদের অভ্যর্থনা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির।

মিজ আফরোজা খানম বলেন, আমাদের লক্ষ্য এই বিমানবন্দরকে প্রধান্য দেওয়া।

আমরা দেখেছি, অনেক প্রবাসী সরাসরি সিলেটে আসতে চান। দেশের প্রতি তাদের আলাদা একটা মায়া আছে।
অন্যান্য জেলার তুলনায় সিলেটের মানুষ সব সময় ব্যতিক্রম। ম্যানচেস্টারের জন্য যেভাবে আকুতি জানিয়েছেন, আমার মনে হয়েছে, এটা আমাকে খুলতেই হবে।
এ নিয়ে প্রধানমন্ত্রীর সাথেও আলোচনা করেছি।
১২৬ দিন পর চালু হওয়া ফ্লাইট বন্ধ হবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে ফ্লাইট চালু হয়েছে, আমরা চাই, সেটা চালু থাকুক। এয়ারক্রাফট চলে এসেছে, যে কারণে এটা আর বন্ধ হবে না।

সিলেট-কক্সবাজার ফ্লাইট যতদ্রুত সম্ভব চালু করার চেষ্টা রয়েছে জানিয়ে মন্ত্রী মিজ আফরোজা খানম আরও বলেন, শুধু বিমান চলাচল নয়, সিলেটের ট্যুরিজমকে একটি ভাল পর্যায়ে নিতে পারি, সে উদ্যোগ রয়েছে। আমরা সিলেটে ট্যুরিজমের হাব তৈরী করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সিলেটে বিমানের অভ্যন্তরীণ রুটে ভাড়া বৃদ্ধির বিষয়ে মন্ত্রী বলেন, আভ্যন্তরীণ নিয়ে আমরা কাজ করছি। বিমানে দীর্ঘদিনের অভ্যন্তরীণ অব্যবস্থাপনা সরাতে সময় লাগবে। অবশ্য মধ্যবিত্তরাও যাতে বিমানে ভ্রমণ করতে পারেন, সে চেষ্টা আমাদের রয়েছে।

আন্তর্জাতিক এয়ারলাইন্স সিলেটে না আসা নিয়ে তিনি বলেন, আমরা সার্বিক বিষয় নিয়ে কাজ করছি। বিমানের অবস্থান থেকে ভাড়া যতটুকু সাশ্রয় করা যায়, চেষ্টায় রয়েছি।

বিমানবন্দর সম্প্রসারণের কাজ ২০২৭ সালের দিকে শেষ হবে এবং আমরা হাতে পেয়ে যাবো বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। তখন এই বিমানবন্দর আন্তর্জাতিকভাবে আরো ফোকাস হয়ে যাবে। 

হিথ্রেুা থেকে ঢাকায় ৮০০ পাউন্ড বিমানের ভাড়া, আর সিলেটের ১২০০-১৩০০ পাউন্ড হয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমি যুক্তরাজ্যে গিয়েও একই অভিযোগ শুনে এসেছি। এটা নিয়ে আমরা কাজ করছি। 

শিল্প ও বাণিজ্য এবং পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেট-ম্যানচেষ্টার ফ্লাইট প্রবাসীদের দীর্ঘদিনের দাবি। প্রধানমন্ত্রী সেটা চালুর নির্দেশ দিয়েছেন। এতে প্রবাসে থাকা এ অঞ্চলের মানুষের কষ্ট লাঘব হবে। আজকের দিনটি আমাদের জন্য খুশির দিন। এই ফ্লাইট চালুর বিষয়ে আমরা সবাই সচেতন ছিলাম।

তিনি বলেন, আমার নির্বাচনী ম্যানুফেস্টেও ছিল, সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি রিজিওনাল হাব হিসেবে তৈরি করতে চাই। অর্থাৎ বাংলাদেশের আশপাশের অঞ্চলের ফ্লাইটগুলো যেনো এখানে আসে। আমাদের ইচ্ছা আছে, সিলেট থেকে গোহাটি ও অন্যান্য রুটে যেনো বিমান চলাচল করে। তাতে দুই দেশের সম্পর্ক জোরদার হবে, বাণিজ্যও আরও সমৃদ্ধ হবে।

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট (বিজি-২০৮) সকাল ১১টা ৫০ মিনিটে ম্যানচেস্টার থেকে ২৬৮ যাত্রী নিয়ে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এরমধ্যে ২২৭ জন যাত্রী সিলেটে নামেন। যাত্রীদের স্বাগত জানাতে উপস্থিত হন শিল্প ও বাণিজ্য এবং পাঠ ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির।

এছাড়া সিলেট এমএমজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ, সিলেট বিএনপির নেতৃবৃন্দ ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।