প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬ ২০:৩০ (বৃহস্পতিবার)
সিলেট সীমান্তে ৬৪ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ, আটক ২

সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬৪ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। এ সময় ফেন্সিডিলসহ দুইজনকে আটক করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী বাংলাবাজার, লাফার্জ, বিছনাকান্দি, সোনারহাট, পাথরকোয়ারী, প্রতাপপুর, পান্থুমাই, সংগ্রাম ও শ্রীপুর বিওপি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মহিষ, টমেটো, ফেন্সিডিল, চকলেট, জিলেট ব্লেড, পাউডার, চিনি, বিভিন্ন ধরনের ফল ও মিনিপ্যাক শ্যাম্পু জব্দ করা হয়। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ, রসুন, সুপারি এবং অবৈধ বালু-পাথর বহনকারী একটি বারকি নৌকাও আটক করা হয়। ফেন্সিডিলসহ দুইজনকে আটক করা হয়েছে।

বিজিবির তথ্যমতে, উদ্ধার হওয়া চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ৬৪ লাখ ৪৬ হাজার টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, আটককৃত মালামালের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।