বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, প্রবাসী ভাইবোনদের জন্য বিমান টিকিটের মূল্য কমানোসহ বিমানবন্দরে যাত্রী হয়রানি যাতে না হয়, এর জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে মানিকগঞ্জ শহরের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদ্বোধনের সময় মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতকে উন্নত মানের দিকে নিয়ে যাওয়ার জন্য মত প্রকাশ করেছেন। আমরা এর জন্য কাজ করছি।
তিনি আরও বলেন, দেশের রেমিট্যান্স যোদ্ধারা যাতে হয়রানির শিকার না হন, এর জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। আমরা চাই বিমানের সুনাম যেন আগের জায়গায় ফিরে আসে।
আফরোজা খানম রিতা বলেন, গত সতেরো বছর মানিকগঞ্জে উন্নয়ন হয়নি। জেলায় একটি উন্নত মানের মন্দির নেই। বিভিন্ন জায়গায় সনাতন সম্প্রদায়ের মানুষজনকে সৎকার করার মতো শ্মাশান নির্মাণ করা হবে। আমরা আপনাদের পাশে আছি। আপনারা আমাদের পাশে থাকুন। আমরা সবাইকে নিয়েই একটি অসম্প্রদায়িক সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলব।
আইটি ল্যাব সলিউশন্স লি.