যুক্তরাজ্যে সমুদ্রে ভেসে যাওয়া এক শিশুকে উদ্ধার করতে গিয়ে সাগরে ডুবে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্রিটিশ নারী ও তার ১৫ বছর বয়সী মেয়ে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং সদস্যসচিব খসরুজ্জামান খসরু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন যুক্তরাজ্য যুবদল নেতা ডা. মনসুর রহমানের স্ত্রী এবং তাদের ১৫ বছর বয়সী কন্যা।
পরিবার সূত্রে জানা গেছে, নিহত নারী সিলেটের ছাতক উপজেলার বাসিন্দা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমানের কন্যা।
তার স্বামী ডা. মনসুর রহমান সিলেটের বিশিষ্ট বিএনপি নেতা শেখ মখন মিয়ার ছেলে।
পরিবারের সদস্যরা জানান, লন্ডনের ওয়েস্ট মার্সি সমুদ্রসৈকতে পরিবারের সদস্যদের নিয়ে অবকাশযাপন করতে গিয়েছিলেন তারা।
এ সময় পরিবারের একটি শিশু হঠাৎ প্রবল স্রোতে ভেসে যেতে শুরু করলে তাকে উদ্ধারে পানিতে ঝাঁপ দেন মা ও তার কিশোরী মেয়ে। তারা শিশুটিকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হলেও উত্তাল জোয়ারের স্রোতে তলিয়ে গিয়ে দুজনই মারা যান।
দুর্ঘটনার সময় নিহত নারীর বাবা মুজিবুর রহমানও সৈকতে উপস্থিত ছিলেন।
ঘটনার খবর পেয়ে যুক্তরাজ্যের জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। এ ঘটনায় আহত পরিবারের অন্য সদস্যদের মধ্যে গুরুতর আহতদের হেলিকপ্টারযোগে লন্ডনের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
এসেক্স পুলিশের এক মুখপাত্র জানান, কলচেস্টারের ওয়েস্ট মার্সি এলাকায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে সিভিউ অ্যাভিনিউ ও সংলগ্ন সমুদ্রসৈকত এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।
উদ্ধার অভিযানে দীর্ঘ সময় ধরে এইচএম কোস্টগার্ডের হেলিকপ্টার অংশ নেয়। এছাড়া রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউট (আরএনএলআই) জানায়, ওয়েস্ট মার্সির ইনশোর লাইফবোটের পাশাপাশি ক্ল্যাকটন-অন-সি কেন্দ্র থেকে আরও দুটি লাইফবোট উদ্ধারকাজে যুক্ত করা হয়।
আইটি ল্যাব সলিউশন্স লি.