প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬ ২০:২৫ (সোমবার)
অনুকরণ নয়, বাস্তবতা বিবেচনায় শিক্ষা সংস্কার করবে সরকার; সিলেটে ববি হাজ্জাজ

দেশের বাস্তবতা ও উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থার অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে প্রাথমিক শিক্ষা সংস্কারে কাজ করছে সরকার বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

রোববার (২৬ জুলাই) সিলেট পিটিআইয়ের মাল্টিপারপাস অডিটোরিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে “বাংলাদেশের প্রাথমিক শিক্ষার শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও স্থানীয় প্রশাসনের প্রতি পরিবর্তিত প্রত্যাশা” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রতিমন্ত্রী বলেন, আগামী ১৭ আগস্টের মধ্যে প্রাথমিক শিক্ষকদের নতুন নীতিমালা প্রণয়ন করা হবে। এরপর পে-স্কেলসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা শুরু হবে।


তিনি জানান, সিলেট বিভাগে শিক্ষক সংকট নিরসনে সরকার কাজ করছে। এছাড়া মিড-ডে মিল কর্মসূচির পাইলট প্রকল্প সফল হলে তা পর্যায়ক্রমে সারাদেশে চালু করা হবে।


ববি হাজ্জাজ আরও বলেন, দেশের বেসরকারি স্কুলগুলোকে একটি সমন্বিত নীতিমালার আওতায় আনা হবে। পাশাপাশি দেশের সব চা-বাগানের প্রাথমিক বিদ্যালয়ে শিগগিরই শিক্ষা কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।


প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুর রহিম। সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ।