প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬ ২১:০৩ (সোমবার)
তুরাব হত্যার বিচার না হলে সাহসী সাংবাদিক তৈরি হবে না; ডা. শফিকুর রহমান

২০২৪ এর জুলাই আন্দোলনে নিহত শহীদ সাংবাদিক এ টি এম তুরাবের কবর জিয়ারত ও পরিবারের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। রোববার (২৬ জুলাই) সকালে বিয়ানীবাজার পৌর শহরের ফতেহপুরস্থ কবরস্থানে গিয়ে তিনি জিয়ারত ও দুআ করেন।

পরে তার তুরবারের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় ডা. শফিকুর রহমান শহীদ সাংবাদিক তুরাবের বড় ভাই আবু আজরফ মো. জাবুর ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। জিয়ারত শেষে তিনি বলেন, “শহীদ সাংবাদিক তুরাবদের রক্তের বিনিময়েই আজ দেশ ফ্যাসিজম মুক্ত হয়েছে।” 

তিনি তুরাবের বিচারের দাবী জানিয়ে বলেন, “আফসোস শহীদের দুই বছর হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত তার বিচার শুরু হয়নি, এসব বিচার না হলে সাংবাদিক তুরাবের মতো সাহসী সাংবাদিকের আর জন্ম হবে না”।

​কবর জিয়ারতকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, সমাজসেবা সম্পাদক মাওলানা ফয়জুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মোস্তফা উদ্দিন, নায়েবে আমীর আবুল খায়ের, পৌর জামায়াতের আমীর জমির হোসাইন, নায়েবে আমীর সৈয়দ আবু কয়ছর কাজল, সেক্রেটারি ছাদ উদ্দিন ও উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রুকন উদ্দিন।

​উল্লেখ্য, তুরাবের কবর জিয়ারতের আগে বিরোধীদলীয় নেতা তাঁর মরহুম শ্বশুর ডা. আজিজুর রহমানসহ অন্যান্যদের কবর জিয়ারত ও দুআ করেন।